‘অপপ্রচার’ রুখতে আইনি পথে বাফুফে

চতুর্থবারের মতো বাফুফের সভাপতি পদে নির্বাচন করতে যাওয়া কাজী সালাউদ্দিনকে হটানোর দাবিতে ফুটবল অনুসারীরা সরব বিভিন্ন সামাজিক মাধ্যমে। নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি অসৌজন্যমূলক কমেন্টও করা হচ্ছে। বাফুফের ভেরিফায়েড ফেইসবুক পেজে সরব উপস্থিতি ফুটবল অনুসারীদের। বাফুফের যা দৃষ্টি এড়ায়নি। বাফুফের ভাবমূর্তি নষ্টের অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছে বাফুফে। অভিযুক্তদের বিরুদ্ধে বাফুফের পক্ষে নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম. এইচ তানভীর। গতকাল তিনি বলেন, ‘আমরা ১০টা আইডি শনাক্ত করে পর্যবেক্ষণ করছি। যারা বাফুফের ফেইসবুক পেইজে এসব কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের আইডিগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেগুলো সাইবার ক্রাইম ইউনিটে দেওয়া হয়েছে।’

আইনজীবী বলেন, ‘ফেইসবুকে বাফুফের নাম, লোগো ও ছবি ব্যবহার করে বাজে মন্তব্য করছে। বাফুফের নাম, লোগো ও ছবি ব্যবহার করা আইনত নিষিদ্ধ। সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা গঠনমূলক সমালোচনা করবেন।’

কিছুদিন এক দল তরুণ কাজী সালাউদ্দিনের অপসারণ দাবি ও নির্বাচনে সালাউদ্দিন বর্জনে আহ্বান জানিয়ে মানববন্ধন করেছিলেন। তাদের ‘রাস্তার ছেলে’ অভিহিত করেন বাফুফের সভাপতি সালাউদ্দিন।