শেখ হাসিনার প্রতিপক্ষের ষড়যন্ত্র থেমে নেই : তথ্যমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধাবমান অগ্রগতিকে থমকে দিতে অতীতে দুর্নীতি-দুঃশাসনের মাধ্যমে অগ্রগতির চাকাকে ঘূর্ণায়মান চাকায় পরিণতকারীদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রবিবার  সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনার জীবন কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি। বরং আরো প্রত্যয়ী হয়ে আরো দীপ্ত পদভারে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাতার এগিয়ে নিয়েছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার হাত ধরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে, স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তার হাত ধরে বাংলাদেশ পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই বদলে যাওয়ার উদাহরণ আজ সর্বজনগৃহীত, বিশ্বসভায় স্বীকৃত।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বাধীনতার পরাজিত শক্তি ও তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজকেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, যারা দেশের উন্নয়ন অগ্রগতি ও দেশেরও প্রতিপক্ষ, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সে জন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নানা ধরণের বৈঠক হয়। 

তথ্যমন্ত্রী এ সময় ‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থটির প্রশংসা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ গ্রন্থটি প্রণয়নের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যারা সবিস্তারে জানেন না, যারা শুধু তাকে প্রধানমন্ত্রী হিসেবেই দেখেছেন, কিম্বা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দেখেছেন, তাদের জন্য জননেত্রী শেখ হাসিনার আরো অনেক বিষয় জানার ক্ষেত্রে বইটি সহায়ক হবে। 

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং গ্রন্থটির রচয়িতা সাংবাদিক শাবান মাহমুদ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।