কুকুর অপসারণ নিয়ে রিটের শুনানি মুলতবি

ঢাকা মহানগর থেকে বেওয়ারিশ কুকুর অপসারণ সংক্রান্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি মুলতবি করেছে হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীদের করা সময় আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এদিকে এ নিয়ে রিট আবেদনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন ডিএসসিসির ঊর্ধ্বতনরা। ব্যারিস্টার সাকিব মাহবুব দেশ রূপান্তরকে জানান, ইতোমধ্যে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আলোচনার জন্য সময় দিয়েছেন। সেখানে রিট আবেদনকারীসহ এ নিয়ে আন্দোলনকারীরা বৈঠকে উপস্থিত থাকবেন।

তিনি জানান, এটি হাইকোর্টকে অবহিত করার পর আদালত রিট আবেদনের শুনানি ওই সময় পর্যন্ত মুলতবি করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও একই যুক্তিতে শুনানি পেছানোর আবেদন করেন বলে জানান সাকিব মাহবুব।

তিনি বলেন,  যেহেতু এ নিয়ে আলোচনা হবে তাই শুনানি পেছানোর আবেদন করেছি। আমরা বিষয়টি পর্যবেক্ষনে রাখছি। আলোচনায় যদি ফলপ্রসু কোনো বিষয় আসে তাহলে হাইকোর্টকে সেটি অবহিত করবো।

সম্প্রতি ঢাকা মহানগর থেকে বেওয়ারিশ কুকুর অপসারনের উদ্যোগ নেয় ডিএসসিসি। কুকর সরানোর পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার নামে দুটি প্রাণী সুরক্ষা সংগঠন এবং অভিনেত্রী জয়া আহসানের পক্ষে এ রিট আবেদনটি করা হয়।

রিটকারীদের আইনজীবী জানান, ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইনের ৭  ধারা অনুযায়ী কুকুরসহ বেওয়ারিশ প্রাণী অপসারণ করা যাবে না। কিন্তু টিএসসি  ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইলে ছেড়ে দিচ্ছে  ডিএসসিসি। আবেদনে অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি বেওয়ারিশ কুকুর স্থানান্তরে ডিএসসিসির উদ্যোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না- এ মর্মে রুলের আর্জি জানানো হয়।