নদীর রূপ ও প্রকৃতি জানানোর পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরতে গতকাল রবিবার থেকে ‘নদী নেবে!’ শিরোনামে দেশের চারটি নদীবন্দরে একযোগে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। কাকলী প্রধানের তোলা ১০০ আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করেছে শিশুসংগঠন ‘ইকরিমিকরি’। প্রদর্শনীতে সহযোগিতা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বাংলাদেশের নদ-নদীর বিপন্নতা তুলে ধরে নতুন প্রজন্মের জন্য নদীর রূপ, প্রকৃতি ফুটিয়ে তুলেছেন আলোকচিত্রী কাকলী প্রধান।
গতকাল বিকেলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব, বিআইডব্লিউটিএ’র পরিকল্পনা ও পরিচালনা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ ছাড়া বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থা ‘ইকরিমিকরি’ জানিয়েছে, ঢাকার নদীবন্দরের পাশাপাশি একযোগে নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে হচ্ছে উন্মুক্ত এই প্রদর্শনী। আলোকচিত্রী কাকলী প্রধান বলেন, ‘নদীর প্রাণ আছে। সেই প্রাণকে হত্যা করা হচ্ছে শ্বাসরোধ করে। বিলুপ্ত হচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণী। ছন্দপতন ঘটছে জীববৈচিত্র্যে। অনেক দিন ধরেই নদী নিয়ে কাজ করছি। এই প্রদর্শনী থেকে মানুষ যদি কিছুটা শিক্ষা নেয়, তবেই প্রদর্শনীটি সার্থক হবে।’