রোমার বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও জুভেন্তাসের পয়েন্ট বাঁচিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেরি আর দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাঠে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও রবিবার রাতে তার জোড়া গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে দলটি।
এদিন ৩১তম মিনিটে ভেরেতুর সফল স্পটকিকে পিছিয়ে পড়ে শিরোপাধারীরা। ফরাসি এই মিডফিল্ডারের শটে ডি-বক্সে আদ্রিওঁ রাবিওর হাতে বল লাগলে পেনাল্টি পায় রোমা।
৪৪তম মিনিটে রোনালদোর সফল স্পটকিকে সমতায় ফেরে তারা। পর্তুগিজ এই ফরোয়ার্ডের শট ডি-বক্সে লরেন্সো পেল্লেগ্রিনির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দুই মিনিটের মাথায় দারুণ পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় রোমা। হেনরিখ মিখিতারিয়ানের পাস ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভেরেতু।
৬১তম মিনিটে মাঝমাঠে মিখিতারিয়ানকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাবিও।
আট মিনিট পর দৃষ্টিনন্দন গোলে আবারও সমতা টানেন রোনালদো। ডানদিক থেকে দানিলোর ক্রসে অনেকখানি লাফিয়ে হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। আসরে রোনালদোর গোল হলো তিনটি।
জেনোয়াকে ৬-০ গোলে হারানো নাপোলি দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুই ও তিন নম্বরে থাকা ভেরোনা ও এসি মিলানের পয়েন্টও ৬।
সমান দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে জুভেন্তাস। রোমার পয়েন্ট ১।