সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির ডাসের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্রলীগ যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাবি সদস্যসচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।