অবশেষে রিয়্যালিটি সিরিজে নাম লেখাতে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের আলোচিত দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
এতদিন কড়াকড়িভাবে গোপনীয়তা মেনে চলে আসা এ দম্পতি ক্যামেরার সামনে নিজেদের উন্মুক্ত করতে চলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানায়, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের রিয়্যালিটি সিরিজে দেখা যাবে হ্যারি ও স্ত্রী মেগানকে। তিন মাস ধরে তাদের পেছনে ঘুরবে ক্যামেরা।
রাজপরিবার থেকে বেরিয়ে আসা এ দম্পতি নিজেদের জীবনযাপনের এক ঝলক দেখাতে চান সাধারণ মানুষকে।
নানা ধরনের দাতব্য কর্মকাণ্ডে যুক্ত থাকেন হ্যারি-মেগান। সে বিষয়গুলোও দেখা যাবে রিয়েলিটি সিরিজটিতে।
কেটি প্রাইস এবং পিটার অ্যান্ড্রের মতো রিয়েলিটি শো হবে না এটি। রাজপরিবারের এ দম্পতির জীবনযাপন ও কর্মকাণ্ডের প্রতি মানুষের আগ্রহকেই গুরুত্ব দেয়া হয়েছে।
এক মাস আগে এই দম্পতি নেটফ্লিক্সের সঙ্গে ১১২ মিলিয়ন পাউন্ডের চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন।
পিআর এক্সিকিউটিভ মার্ক বরকোভস্কি বলেন, রিয়েলিটি সিরিজটিতে কী হবে তা দেখতে আগ্রহী দর্শক। তবে সেখানে সত্যতা থাকাটা জরুরি।
তবে ম্যাজেস্টি ম্যাগাজিনের সম্পাদক ইনগ্রিড সেওয়ার্ড জানান, গোপনীয়তা ইস্যুতে যুক্তরাজ্য ছেড়ে তারা যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। আর এখন রিয়েলিটি সিরিজের জন্য চুক্তি করে তারা 'ভন্ডামি' করেছেন।
গত মার্চে যুক্তরাজ্য ছেড়েছেন বহু আলোচিত এই ব্রিটিশ রাজদম্পতি। প্রথমে তারা কানাডায় যান। এখন তারা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করছেন৷
রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না।