অর্থপাচারের দায়ে নওয়াজ শরিফের ভাই শাহবাজ গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

শাহবাজ পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল–এন) প্রেসিডেন্ট। এ ছাড়া ২০১৩ সাল থেকে পাঞ্জাবে সরকার প্রধান তিনি।

সোমবার অর্থপাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। লাহোর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন তিনি।

তবে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিলে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে। ।

এ ঘটনায় বিক্ষোভ করেন দলের বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক। জামিনের জন্য শাহবাজ আদালত গেলে সেখানে ভিড় জমিয়েছিলেন তারা।

এদিকে পিএমএল–এনের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

টুইটারে এক পোস্টে তিনি বলেন, ‘দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেপ্তার হতেন না।’

এর আগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান তিনি।

প্রায় ১০ মাস ধরে লন্ডনে অবস্থান করছেন নওয়াজ। পরে আদালতের নির্দেশ পেয়েও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।