ঢাকা-৫ উপনির্বাচনে প্রচার শুরু বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীর্ষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। 

সোমবার বিকেল সাড়ে ৩টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পথসভার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। এর আগে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। ধানের শীষের প্রতীক গ্রহণ করেন সালাহ উদ্দিন আহমেদ।

বিকেল সাড়ে ৩টায় পথসভা শুরু করার কথা থাকলেও দুপুর থেকে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকরা পথসভায় আসতে থাকেন। পথসভা পরিণত হয়ে জনসভায়। 

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপিরসহ সভাপতি ও যাত্রাবাড়ী থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুল্লাহ আতিক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। 

প্রধান বক্তা ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, আলমগীর হোসেন, আকবর হোসেন ভুঁইয়া নান্টু প্রমুখ।

সভায় মো. শাহজাহান বলেন, এমসি কলেজে নির্যাতনের শিকার হওয়া দম্পতির কোনো অনুনয়-বিনয় তাদের মন গলাতে পারেনি। ঠিক আমরা যত কথাই বলি না কেন শেখ হাসিনা জনগণের মতামতের ওপর কোনো কর্ণপাত করবেন না। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত পাবনা-৪ আসনের উপনির্বাচন এবং একাদশ সংসদ নির্বাচনে যে খেলা খেলেছেন তা যদি ঢাকা-৫ এ দেখাতে আসেন, তবে এই ডেমরা যাত্রাবাড়ী থেকে আপনাদের পতনের ডাক দেওয়া হবে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন আমরা যদি একটা ধাক্কা দিতে পারি, তবেই সরকারের পতন হবে। তারা পালানোর জায়গা পাবেন না।  

দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা চলতি বছরের ৬ মে মারা যান। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হবে।