আগামী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী দিতে বৃক্ষরোপণ করছে আওয়ামী লীগ: দেলোয়ার

আওয়ামী লীগ আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ করছে বলে জানিয়েছেন দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শ্যামলীর এসওএস শিশু পল্লীতে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, আমরা মুজিব বর্ষ উপলক্ষে দলের পক্ষ থেকে ১ কোটির বেশি বৃক্ষরোপণ করেছি। এখন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোম ও মঙ্গলবার ৭৪ হাজার বৃক্ষরোপণ করছি সারাদেশে। এটা করছি কারণ গাছ আমাদের ছায়া, ফুল-ফল এবং অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশের বিপর্যয় রক্ষা করে। 

শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য গাছ লাগাচ্ছি। আগামী দশ বছর পরে তোমরা বড় হবে, সেই সময় যাতে প্রকৃতি সুন্দর থাকে, নির্মল বায়ু গ্রহণ করতে পারো এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেই আমরা বৃক্ষরোপণ করছি।

আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী জন্মদিন ব্যাপকভাবে পালন করেন না। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট্ট শিশুদের পছন্দ করতেন, তিনিও পিতার মতো ছোট্ট শিশুদের পছন্দ করেন। তাই আমি ছোট্ট সোনামণিদের কাছে এসেছি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে। আমরা এখানে তার জন্মদিন পালন করব, উদযাপন করব, কিন্তু সাদামাটাভাবে।

এর আগে এসওএস শিশু পল্লীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অয়োজন ও বৃক্ষরোপণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসওএস শিশু পল্লীর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও অভিনেতা ফয়সাল আহসানউল্লাহ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রমুখ।