ভারতের রাজধানী দিল্লিবাসী হুলা হুপ নৃত্যশিল্পী এষণা কুট্টি। সম্প্রতি তিনি জনপ্রিয় একটি হিন্দি গানের সুরে শাড়ি পরে হুলা হুপ নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। তার পরই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিও দেখে গায়িকা রেখা ভরদ্বাজ, শিল্পপতি আনন্দ মহীন্দ্রা-সহ নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন এষণাকে।
২০০৯-এ মুক্তি পেয়েছিল ‘দিল্লি-৬’ ছবিটি। সেই ছবিতেই রেখা ভরদ্বাজ গেয়েছিলেন ‘গেন্দা ফুল’ গানটি। সেই গানে শাড়ি পরে হুপ নিয়ে নেচেই সবার মন কাড়লেন এষণা।
ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শাড়ি ও স্নিকার্স পরে নাচছিলেন তিনি। ‘গেন্দা ফুল’ গানে শাড়ি হুপিং-এই নাচের ভঙ্গি মাতিয়ে তোলে সকলকে।
রেখা ভরদ্বাজও এষণার এই নাচের প্রশংসা করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, হুপ নিয়ে এ রকম নাচ দেখা সত্যি আনন্দদায়ক। এষণা কাছে হুপ নিয়ে নাচ শেখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। শিল্পপতি আনন্দ মহীন্দ্রাও এষণার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
নিজের ভিডিওর ভাইরাল হওয়ায় বিস্মিত দিল্লির লেডি শ্রী রাম কলেজের প্রাক্তন ছাত্রী এষণা। তিনি লিখেছেন, আমি ভাবতেই পারছি না, ভিডিওটি কোথায় গিয়ে পৌঁছবে। ভাললাগা গানের সঙ্গে আমি অনুশীলন করছিলাম আমি। সেটাই ইনস্টাগ্রামে দিয়েছিলাম।
এষণার এত দিন কোনও টুইটার অ্যাকাউন্ট ছিল না। ভিডিওটি ব্যাপক হারে টুইটারে ছড়িয়ে পড়ার খবর পেয়ে তিনি টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এ ব্যাপারে তিনি লিখেছেন, আমি আশাই করিনি, এটা টুইটারে দেব কোনওদিন। কারণ, এক দিন আগে পর্যন্ত আমার টুইটারে অ্যাকাউন্ট ছিল না। আর এই নাচের জেরে টুইটারে যোগ দেওয়ার এক দিনের মধ্যেই তিনি পেয়েছেন পাঁচ হাজারের বেশি ফলোয়ার।