সাম্পদোরিয়ার বিপক্ষে জয় দিয়ে লিগ শিরোপা রক্ষার মিশনে নামা জুভেন্তাস দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। রোমার বিপক্ষে দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় (২-২) এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুরুত্বপূর্ণ এই ১ পয়েন্ট সিরি আ’র শেষ দিকে কাজে দেবে বলে মনে করেন পর্তুগিজ সুপারস্টার।
রোমের স্তাদিও অলিম্পিকে ৩১ মিনিটে হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার জর্দান ভেরেতুর। ৪৪ মিনিটে আরেক হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে সমতা ফেরান রোনালদো। কিন্তু মিনিট খানেকের মধ্যে আবার পিছিয়ে পড়ে জুভরা। আবারও গোল করেন ভেরেতুর। ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন রাবিওর। এর ৭ মিনিট পর আবার সমতা ফেরান রোনালদো। দুই ম্যাচে তার গোল দাঁড়াল ৩।
ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘আমি মনে করি ১ পয়েন্ট আমরা অর্জন করে নিয়েছি। জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমরা ঘুরে দাঁড়াই, এমনকি একটা লাল কার্ড পাওয়ার পর। মৌসুম শেষে প্রমাণ হতে পারে, রোমার বিপক্ষে পাওয়া (১) পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল।’ পিরলোর প্রশংসা করেন রোনালদো। তিনি বলেন, ‘আমরা মৌসুমের শুরুতেই আছি। নতুন কোচ, নতুন আইডিয়া কিন্তু আমার মনে হচ্ছে দল ভালোভাবে কাজ করছে এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি আমি। দলকে হাসিমুখেই কাজ করতে দেখছি আমরা।’ নতুন কোচ আন্দ্রেয়া পিরলো বলেন, ‘আমরা (ড্র করে) একধাপ পেছালাম। দলগতভাবে আমরা কাজ করে যাচ্ছি উন্নতি করার জন্য। প্রস্তুতির সময় (প্রি-সিজনে) ম্যাচ খেলার সুযোগ কম ছিল। তবে শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়েছি। মোরাতা এসেছে দুদিন আগে। (বার্সেলোনা থেকে আসা) আর্তুর মিলো ৬ মাস খেলেনি। ইতালিয়ান ফুটবলের সঙ্গে তাকে আগে মানিয়ে নিতে হবে। তাও সে ভালোই করেছে।’