ডিবি পরিচয়ে ডাকাতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বারেক (৩৭), মো. আবুল কাশেম ওরফে জীবন ব্যাপারী (৫৬) ও মো. স্বপন আকন্দ (৪০)। তাদের কাছে থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড কার্তুজ, ডিবি লেখা ১টি জ্যাকেট ও ১টি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতি করছে মর্মে তথ্য পায় গোয়েন্দা বিভাগ। এর ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, তারা প্রাইভেটকারযোগে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আগত টাকা বহনকারী কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করতো। টার্গেটকৃত ব্যক্তিকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে টাকা-পয়সা, মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেতো।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বারেকের বিরুদ্ধে ৮টি, আবুল কাশেমের বিরুদ্ধে ৭টি ও  স্বপন আকন্দের বিরুদ্ধে ৯টি মামলার তথ্য পাওয়া গেছে।