টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ওই স্কুলের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার স্কুল পরিচালক ওয়াজেদ আলী খান কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সমাজ কল্যাণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. সিদ্দিকুর রহমান জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরের ওই স্কুলটিতে মাসিক পরীক্ষা নেয়া হচ্ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই ছাত্রীর পরীক্ষা আগে শেষ হয়। পরে ওয়াজেদ আলী তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলার সময় শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। এ ঘটনায় ছাত্রীটি কান্না শুরু করে এবং দৌড়ে বাড়িতে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ পায়।
রাস্তায় মেয়েটিকে কাঁদতে কাঁদতে যেতে দেখে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা তার কাছে ঘটনা জানতে পেরে তারা স্কুলে এসে অভিযুক্তকে আটকে রাখে। অন্যদিকে ছাত্রীটি বাড়িতে গিয়ে তার অভিভাবকদের ঘটনা খুলে বলে। পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। বিকেল ৪টায় মেয়েটির প্রাথমিক চিকিৎসা শেষে স্কুলের পরিচালক অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সকালে কোর্টের মাধ্যমে ওয়াজেদ আলীকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হবে বলেও জানান মামলার তদন্তকারী এই কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী এর আগেও এ ধরনের ঘটনায় জেলহাজতে ছিলেন।