কোহলি-ডি ভিলিয়ার্সদের মাঠে আরও নির্মম হতে বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ সাইমন ক্যাটিচ। যেন পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার কোনো সুযোগ প্রতিপক্ষ না পায়। একবার পিছিয়ে পড়লে প্রতিপক্ষের ওপর আরও চেপে বসার পরামর্শ দিলেন কোহলিদের।
সোমবার আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০১ রান তোলে বেঙ্গালুরু। জবাবে মাত্র ১১.২ ওভারে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে জয় থেকে দূরে সরছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু ৯৯ করা ইশান কিশান ও ৬০ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকা কাইরন পোলার্ডের কল্যাণে ম্যাচ টাই করে মুম্বাই। পরে অবশ্য সুপার ওভার জিতে পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করে বিরাট কোহলির দলই।
ক্যাটিচ বিশ্বাস করেন এই ম্যাচে তাদের নয়, মুম্বাইয়েরই জেতার কথা ছিল। ‘ম্যাচ যে অবস্থায় ছিল আমাদের চেয়ে মুম্বাই জয়ের পথে এগিয়ে ছিল। কিন্তু কোহলি শেষদিকে যেভাবে বোলারদের ব্যবহার করেছে তা অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাওয়ার প্লেতে ওয়াশিংটন সুন্দর তিন ওভারে মাত্র ৭ রান দেয়। এই ম্যাচে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি। হয়তো এই ছোট ছোট বিষয় আমাদের জিততে সাহায্য করেছে। তবে সবচেয়ে বড় কথা হলো গত তিন ম্যাচে আমরা প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছি। সামনে থেকে এটা করা যাবে না। আমাদের মাঠে আরও নির্মম হতে হবে যেন বিপক্ষকে সঙ্গে সঙ্গে হারানোর পথে ঠেলে দেওয়া যায়। এই ম্যাচ থেকে আমি কোনো ইতিবাচক কিছু নিচ্ছি না, তাই সামনের ম্যাচে আমাদের নতুন করে শুরু করতে হবে।’