প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উত্তরা সেক্টর ১১ ও ১৩-এর চৌরাস্তা হতে ১২ নম্বর সেক্টরের ব্রিজ পর্যন্ত এই কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশ্বের যে প্রান্তেই গিয়েছি সেখানে আমাকে মানুষ অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা শেখ হাসিনা এত দ্রুত কীভাবে দেশকে পাল্টে দিলেন? এর চাবিকাঠি কী? কীভাবে এত দ্রুত উন্নয়ন করলেন? আমি একটি কথাই বলেছি, তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের রক্ত তার ধমনিতে প্রবাহিত। তিনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, এদেশের মাটি ও মানুষকে তিনি ভালোবাসেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ আমরা এখানে ৭৪টি গাছের চারা লাগাচ্ছি। এই চারাগুলো লাগাচ্ছেন ডিএনসিসির ৫৪ জন ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনটিকে তাৎপর্যময় করে রাখতে এই ‘পরম্পরা কানন’। এতে একদিকে সবুজ ঢাকা গড়ার প্রত্যয় যেমন আছে, অন্যদিকে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ‘সবাই মিলে সবার ঢাকা’ গড়ার অঙ্গীকারও বটে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ।