অপহৃত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান ও কর্মী তারেক হালিমীকে উদ্ধার করেছে পুলিশ। পরে সন্দেহভাজন দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি মো. অকিল উদ্দিন আহম্মদ।
ওসি বলেন, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুজন নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়। পরে তাদেরকে উদ্ধার করি।
ছাত্রলীগ নেতা সজিব মঙ্গলবার বিকেলে আটক অভ্র কুমার দাস ও মুন্না কোরায়েশি নামে দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার।
ছাত্রলীগ নেতারা জানান, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে সজিব ও তারেক বাসায় যায়। কিছুক্ষণ পর বাসায় ঢুকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তারা সজিবকে দক্ষিণ সুরমার খোজারখলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে নিয়ে যায়। সেখান থেকে ফোন, মানিব্যাগ রেখে টিকিট কেটে নরসিংদীর বাসে তুলে দেয়। এ সময় অপহরণকারীরা সিলেট না ছাড়লে তাকে প্রাণনাশেরও হুমকি দেয়। সুরমা বাইপাসের কাছে নেমে থানায় ফোন দিলে পুলিশ গিয়ে সজিবকে উদ্ধার করে।