চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের সেবকদের ৯ হাজার ৮শ মাস্ক ও ২শ হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টাইগারপাসস্থ চসিক নগরভবনের সম্মেলন কক্ষে ওয়াটার এইড ও ডিএসকের যৌথ উদ্যোগে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।
এ সময় চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেন, করোনা দ্বিতীয় ঢেউ শুরু হতে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে করোনাঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য সরকারের পাশাপাশি পাবলিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। ওয়াটারএইড ও ডিএসকে নগরীতে সঠিক তথ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের মধ্য দিয়ে সরকারের পাশাপাশি করোনা ঝুঁকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এসব স্বাস্থ্যবিধি আমাদের আচরণ পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে।
এ সময় প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, চসিক পরিচ্ছন্নতা বিভাগের অতিরিক্ত প্রধান কর্মকর্তা মো. মোরশেদ আলম, ডিএসকের প্রকল্প কর্মকর্তা আরেফাতুল জান্নাত, প্রজেক্ট অফিসার উজ্জল শিকদার উপস্থিত ছিলেন।