বিকাশ এজেন্টকে কুপিয়ে ৮ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ডিএমপির জনসংযোগ শাখার উপ কমিশনার মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহীন শেখ, সোহেল হোসেন, মুন্না ও হায়দার। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভিকটিমের ২টি মোবাইল ও ১টি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ২টি ছুরি ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
মো. ওয়ালিদ হোসেন জানান, গত ১২ সেপ্টেম্বর রাত অনুমান সোয়া ১১ টার দিকে শেরেবাংলা নগর থানার বৌ-বাজার মোড়ে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে করে ৪ জন ডাকাত এক বিকাশ এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ৮ লাখ টাকা, মোবাইল ফোনসহ তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন আহত বিকাশ এজেন্টকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
তিনি জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা তেজগাঁও বিভাগ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও অপরাধীদের অপরাধের ধরন বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাকাত চক্রের হোতা শাহীনের দেওয়া তথ্য মতে অন্যান্য সহযোগীরা যেকোনো দোকানে বা ব্যক্তিকে ছিনতাই বা ডাকাতি করার জন্য প্রথমে টার্গেট করে। তারপর ১/২ জন প্রথমে রেকি করে, তারপর টার্গেটকৃত ব্যক্তি যখন দোকান বন্ধ করবে বা একা হবে বা বাসায় ফিরবে তখন তাকে গতিরোধ করে ধারালো চাপাতি, ছুরি দিয়ে কুপিয়ে ডাকাতি করে আশেপাশে রাখা প্রাইভেটকার যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, এই সংঘবদ্ধ দলটি ইতিপূর্বে রাজধানীর বছিলা, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, আশুলিয়া বেড়িবাধ, নারায়নগঞ্জের চিটাগাং রোডে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।