রংপুর সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মচারী সোহেলের উপর হামলা করে গুরুতর আহত করার ঘটনায় চার অটো শ্রমিক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিটি মেয়র দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য লিখিত সুপারিশ করেছেন।
রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ ও সিটি করপোরেশনের কর্মচারীরা জানান, রংপুর সিটি করপোরেশন এলাকায় থাকা অটোরিকশার লাইসেন্স নবায়ন কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে শত শত অটোচালক লাইন ধরে দাঁড়িয়ে লাইসেন্স নবায়ন ফি জমা প্রদান করে নবায়ন করছেন।
কিন্তু অটো শ্রমিক নামধারী কিছু নেতা লাইনে না দাঁড়িয়ে জোর করে তাদের লোকদের লাইসেন্স নবায়ন করার জন্য চাপ সৃষ্টি করছেন। বুধবার বিকেলে লাইসেন্স শাখার কর্মচারী সোহেল লাইনে দাঁড়ানো ছাড়া কাগজ নেওয়া হবে না জানালে অটো শ্রমিক নেতা নামধারী উৎপল, আমির, মিলনসহ কয়েকজন কর্মচারী সোহেলের উপর হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে।
এ ঘটনায় বিক্ষুব্ধ সিটি করপোরেশনের কর্মচারী সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে বিচার দাবি করলে তিনি বিষয়টি থানায় লিখিতভাবে জানানোর পরামর্শ দেন।
পরে লিখিত অটো শ্রমিক নেতা উৎপল, আমির মিলনসহ ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে সিটি মেয়র মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুটি কয়েক অটো শ্রমিক নামধারী নেতা অটো শ্রমিকদের জিম্মি করে চাঁদা আদায় করে তারা এখন সিটি করপোরেশনকেও জিম্মি করতে চায়। এটা হতে দেয়া যায় না।
সার্বিক বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।