বেড়া বেয়ে খাড়া উঠে গেল বিশাল সাপ (ভিডিও)

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের বোভেন হিলস এলাকার পথচারীরা বুক কাঁপিয়ে দেয়ার মতো দৃশ্য দেখলেন বুধবার। বিশাল এক সাপ রাস্তা পার হয়ে রীতিমতো খাড়া একটি নেটের বেড়া বেয়ে উপরে উঠে যায়।

এত বড় সাপ দেখতে পেয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে যান। অনেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সিলভিয়া নামের এক নারী ভয় সামলে মজা করে ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় আরেকটি সাধারণ দিন।’

রবি পিটার্স নামের আরেক ফেইসবুক ব্যবহারকারী সাপটিকে এভাবে খাড়া উঠতে দেখে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন, ‘এত বড় সাপ এই প্রথম দেখলাম। এখনো মনে হচ্ছে বুক কাঁপছে। ওর বেড়া বেয়ে উপরে ওঠার দৃশ্য সত্যি ভয়ংকর ছিল।’

ইয়াহু নিউজ জানিয়েছে, সাপটি আসলে কার্পেট পাইথন।

কুইন্সল্যান্ড মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ব্রিসবেনে দুই ধরনের পাইথন দেখা যায়। তার মধ্যে এই কার্পেট পাইথনকে মূলত মোরেলিয়া স্পিলোটা বলা হয়। এই সাপগুলো ব্রিসবেনের পথেঘাটে প্রায়ই দেখা যায়।

কুইন্সল্যান্ড মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, ‘আমরা মাঝেমাঝে সাধারণ মানুষের থেকে সাপের বিষয়ে ফোন পাই। ৫০ শতাংশ ক্ষেত্রে বাড়ির ভেতরে সাপ দেখতে পাওয়া যায়।’