৯ বছর পর দেখা হচ্ছে মেসি-রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ড্র। যাতে একই গ্রুপে পড়েছে (গ্রুপ জি) দুই তারকার দল- স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব জুভেন্তাস।

২০১১ সালের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় মেসি-রোনালদোর মুখোমুখি দ্বৈরথ দেখবেন দর্শক। আর প্রতিযোগিতার গ্রুপ পর্বে এ দুই মহাতারকার দেখা হবে এই প্রথম।

২০০৫-০৬ থেকে প্রজন্মের সেরা দুই তারকা নিয়মিত চ্যাম্পিয়নস লিগ খেলছেন। এরপরও এ দুজনের গ্রুপ পর্বে দেখা হয়নি কখনো। অবশ্য সেটা না হওয়াটা অবাক করা কিছু নয়। কারণ দুজনই খেলেছেন স্পেনের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবে। মেসি বার্সেলোনা ও রোনালদো রিয়াল মাদ্রিদে।

আর চ্যাম্পিয়নস লিগের নিয়ম হলো- এক দেশের দুই ক্লাব গ্রুপ পর্বে কখনো একই গ্রুপে জায়গা পায় না।

ফলে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত মেসি ও রোনালদোর গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার সুযোগই ছিল না।

রিয়ালে পাড়ি দেওয়ার আগে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন তখনো এ দুজনের গ্রুপ পর্বে দেখা হয়নি। একবার ফাইনাল ও আরেকবার সেমিফাইনালে দেখা হয়েছিল তাদের।

রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্তাসে পাড়ি দেওয়ার পর দুজনের গ্রুপ পর্বে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে গত দুই মৌসুম সেটি হয়নি আসরের আরেকটি নিয়মের কারণে। সেটি হলো- শীর্ষ ৬ লিগের চ্যাম্পিয়ন দল সব সময় এক নম্বর পটে থাকবে।

গত দুই মৌসুমই আবার লা লিগায় চ্যাম্পিয়ন ছিল বার্সেলোনা, আর ইতালিয়ান সিরি আ-তে জুভরা। এবার অবশ্য বার্সেলোনা লা লিগায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে বার্সেলোনা ও জুভেন্তাসের একই ক্লাবে খেলার সম্ভাবনা তৈরি হয়। যে সম্ভাবনাই সত্যি হলো ড্রতে।

‘জি’ গ্রুপে বার্সেলোনা, জুভেন্তাসের সঙ্গী অন্য দুই দল- ডিনামো কিয়েভ ও ফেরেন্সভারোস।