অতিরিক্ত ধান মজুদ রাখায় ২ মিল মালিককে জরিমানা

দিনাজপুরে অটোরাইস মিলের ছাঁটাই ক্ষমতার বেশি পরিমাণ ধান রাখার অভিযোগে দুই অটোরাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মিল দুটি হলো, শহরের পুলহাট খোয়ারের মোড় এলাকার হৃদয় অটোমেটিক রাইস মিল ও গোপালগঞ্জ এলাকার ব্লুবেল অটোমেটিক রাইস মিল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মাগফুরুল হাসান আব্বাসী এই জরিমানা করেন। এর মধ্যে হৃদয় অটোমেটিক রাইস মিলে ৬৫০ টন ধান মজুদ রাখায় ৩০ হাজার এবং ব্লুবেল অটোমেটিক রাইস মিলে ২ হাজার ৭০০ টন ধান মজুদ রাখায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশ্রাফুজ্জামান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামসহ প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক কোনো অনুমোদিত অটোরাইস মিলের মালিকগণ পাড়্গিক ছাঁটাই ক্ষমতার পাঁচ গুণ পরিমাণ ধান এক মাসের অধিক সময় ধরে মজুদ রাখলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মাগফুরুল হাসান আব্বাসী বলেন, যে প্রতিষ্ঠানের লাইসেন্স নেই এবং যারা অনুমোদিতভাবে মালামাল স্টক করছেন তাদের আমরা প্রথমে সতর্ক করেছি। যারা আমাদের সতর্কতা মানেননি এবং অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ রেখেছেন তাদের আমরা জরিমানা করেছি।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশ্রাফুজ্জামান বলেন, কয়েক দিন আগে মন্ত্রীর উপস্থিতিতে একটি সভা হয়। সেখানে সরু ও মাঝারি চালের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা মাঠে নেমেছি, অনিয়মের যেকোনো খবর পেলেই ব্যবস্থা গ্রহণ করব।