কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে দুই স্পিডবোটের সংঘর্ষে আহত ৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের পদ্মা নদীর চ্যানেলে দুটি স্পিডবোটের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শিবচরের পাঁচ্চরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে।

তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়া থেকে শরীয়তপুরের মাঝিকান্দি যাচ্ছিল একটি স্পিডবোট। তখন কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়াগামী অপর একটি স্পিডবোটের সঙ্গে চ্যানেলমুখে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চরের সঙ্গে ধাক্কা লাগে। তবে মারাত্মক হতাহত কেউ নেই।

বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘যাত্রীদের মধ্যে ছয়জন সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘চ্যানেল মুখে দুটি স্পিডবোটের হালকা সংঘর্ষ হয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোট ডুবেও যায়নি। যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।’