নারায়ণগঞ্জে মামুন নামে একজনকে অপহরণ ও হত্যা মামলায় ৬ বছর ধরে বিভিন্ন মেয়াদে আসামিপক্ষের কারাভোগের পর ওই মৃত ব্যক্তির জীবিত ফিরে আসার ঘটনায় লিখিত তদন্ত প্রতিবেদন চেয়ে মামলার পুলিশের ৮ কর্মকর্তাকে তলব করেছেন আদালত।
শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৬ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের সাত কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির যে কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন তাদের তলব করেছেন আদালত।
মামলাটি যারা তদন্ত করেছেন তারা হচ্ছেন, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান, উপপরিদর্শক সফিকুর রহমান, উপপরিদর্শক আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ সিআইডি উপপরিদর্শক জিয়াউদ্দিন উজ্জ্বলসহ আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।