আসন্ন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে সুষ্ঠু পরিবেশ দেখছেন না বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দরকার। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ দেখতে পারছে না জনগণ।’ গতকাল শুক্রবার দুপুরে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। আদালতে মামলার হাজিরা থাকায় গত বৃহস্পতিবার সালাহউদ্দিন গণসংযোগ করতে পারেননি।
গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর ধোলাইরপাড়ের ঢাল থেকে গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন। এরপর ৫০ নম্বর ওয়ার্ডের বটতলা, দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নবীনগর, নতুন রাস্তা, শহীদ ফারুক সড়ক, ওয়াসা রোড হয়ে উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেটে এসে গণসংযোগ শেষ হয়।
পথসভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের গণসংযোগে হামলা করছে। নেতাকর্মীদের আক্রান্ত করছে। জনগণ আমাদের সঙ্গে আছে, ধানের শীষের সঙ্গে আছে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আছে। তাদের পক্ষে আছে শুধু সন্ত্রাসী বাহিনী।’