৬ মাস পর জাতীয় নাট্যশালা খুলছে ২৩ অক্টোবর

করোনা পরিস্থিতিতে ৬ মাস পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৩ অক্টোবর থেকে রাজধানীর জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে নাটকের প্রদর্শনী শুরু হবে বলে গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজীদ।

তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমির সঙ্গে গত বৃহস্পতিবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি বৈঠক হয়েছে। এর আগে ১৭ আগস্ট ফেডারেশন থেকে শিল্পকলার কাছে মিলনায়তন খুলে দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। বৃহস্পতিবারের বৈঠকে শিল্পকলা একাডেমি কর্র্তৃপক্ষ ২৩ অক্টোবর থেকে জাতীয় নাট্যশালা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। মিলনায়তনের পাশাপাশি নাট্যশালার মহড়া কক্ষও খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মানার জন্য একটি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। আপাতত সপ্তাহে শুক্র ও শনিবার নাটক মঞ্চায়নের জন্য মিলনায়তন খুলে দেওয়া হবে। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত নাট্য প্রদর্শনী শুরু হবে।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালাসহ তাদের মিলনায়তনগুলো বন্ধ রাখার ঘোষণা দেয়। একই দিন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের সদস্যভুক্ত সব নাট্য সংগঠনকে সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ রাখার আহ্বান জানায়। তবে করোনার লকডাউনের সময় দেশের কিছু জায়গায় শারীরিক দূরত্ব মেনে জনসচেতনতামূলক পথনাটকের প্রদর্শনী হতে দেখা যায়। পরে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বিচ্ছিন্নভাবে নিজস্ব মিলনায়তন ও মহড়া কক্ষে নাট্য প্রদর্শনী করে বেশ কয়েকটি নাট্যদল। কিন্তু রাজধানীর নাটকপাড়াখ্যাত জাতীয় নাট্যশালায় কোনো নাটকের প্রদর্শনী হয়নি।