বাসার নিচ থেকে আহত পুলিশ সদস্যকে উদ্ধার

রাজধানীর পূর্ব রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে দুটি বাড়ির পাশ থেকে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় এই কনস্টেবলকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার বাচিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহিদুল। তিনি প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

জানা গেছে, পাঁচ বছরের একমাত্র মেয়েসহ স্ত্রীকে নিয়ে পূর্ব রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পানির পাম্প সংলগ্ন ২০৮/সি নম্বর ৩তলা বাড়ির তৃতীয় তলাতেই থাকেন তিনি।

বাসার কেয়ারটেকার মো. এনামুল হক জানান, সকালে এনামুলের স্ত্রী বাসার ছাদে যান পানির ট্যাংক দেখতে। তখন ছাদে মোবাইল, সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখেন। আর তৃতীয় তলায় জাহিদুলের রুমের টিভি, ফ্যান চালু দেখতে পান, তবে রুমে কাউকে দেখতে পাননি।

তিনি জানান, এরপর ছাদের পাশ থেকে তার স্ত্রী দেখতে পান দুই ভবনের মাঝামাঝি একেবারে নিচে কেউ একজন পড়ে আছেন। তখন এনামুলসহ আরও কয়েকজন ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বাড়ির মালিক মো. শফিকুল ইসলাম বলেন, প্রায় দুই বছর ধরে ওই বাসায় ভাড়া থাকেন জাহিদুল। তার চাকরি নিয়ে কোনো ঝামেলা হয়েছিল শুনেছি। গত ১০ মাস ধরে আমার বাসা ভাড়াও বাকি পড়ে আছে তার কাছে।

তিনি জানান, দু’দিন আগে তার স্ত্রী ও মেয়ে গ্রামের বাড়ি যান জাহিদুলের মাকে ঢাকায় নিয়ে আসতে। বাসায় একাই ছিলেন জাহিদুল।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

তিনি জানান, ভবনটির ছাদে রেলিং ছিল না। কীভাবে নিচে পড়েছেন বা কী হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জাহিদুল বর্তমানে সাসপেনশনে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমি এখনো জানি না। পরে জানাতে পারবো।’