কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোর ২ আরোহী নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে কোরপাইর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি শাফায়াত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় ফেনীগামী স্টার লাইনের একটি বাস। তখন মাইক্রোবাসটি সামনে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

ওসি জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের ও নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের পরিচায় এখনো জানা যায়নি।