এর আগে শুটিং ফ্লোরে ধারণ করা একাধিক স্থিরচিত্রে দেখা গেছে শাকিব খানকে। আইনজীবী অবতার নিয়ে আলোচনায় মেতেছিলেন ভক্তরা। এবার এলো আনুষ্ঠানিক পোস্টার।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির পোস্টারে অনলাইনে প্রকাশ হয় শুক্রবার।
ছবিতে শাকিবের মতোই আইনজীবী চরিত্রে থাকছেন মাহিয়া মাহি। সাত বছর পর তারা আবারও জুটি হলেন। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন অর্চিতা স্পর্শিয়া।
তবে পোস্টারে শাকিব একাই এলেন। বলা যায়, এসেই জয় করলেন। সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা পোস্টারটি মনোযোগ কেড়েছে ইতিমধ্যে।
এরই মধ্যে শেষ হয়েছে ছবিটির প্রায় সব দৃশ্যধারণ। বাকি আছে দুটি গান ও একটি মারপিটের দৃশ্যের শুটিং। যা মালদ্বীপে লোকেশনে ধারণ হবে।
পরিচালক অনন্য মামুন জানান, ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। খবরটি পুরোনো হলেও, পোস্টারে প্রথমবার জানা গেল প্ল্যাটফর্মটির নাম ‘আই থিয়েটার’।
অনন্য মামুন জানান, আই থিয়েটার একটি লিমিটেড প্রতিষ্ঠান। যার সঙ্গে জড়িয়ে আছে দেশ-বিদেশের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ১৫ অক্টোবর অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর গ্র্যান্ড ওপেনিং হবে ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ মুক্তি দেওয়ার মাধ্যমে।
সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘নবাব এলএলবি’তে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ মামুন অপুসহ অনেকেই।
করোনার কারণে মার্চ থেকে দেশে নতুন সিনেমার মুক্তি বন্ধ। ওটিটি প্ল্যাটফর্মেও আসেনি কোনো ছবি। সে হিসেবে করোনাকালীন সময়ে সবচেয়ে বড় রিলিজ হতে যাচ্ছে ‘নবাব এলএলবি’।