চতুর্থ দফা ফরিদপুর অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে প্রতিদিনই। গত এ সপ্তাহ ধরে বেড়েই চলছে পানি। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আবার নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিন আবারও পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বাড়ছে। তবে এ বাড়ার হার স্বল্প।
তিনি বলেন, গত ১২ঘন্টায় পদ্মার নদীর গোয়ালন্দ পয়েটে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, চরাঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি, কিন্তু এবারের বন্যা এই মানুষগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ভূট্টা, বাদাম, পাটের ক্ষতি হয়েছে। এখন আবার পদ্মার পানি বেড়ে যাওয়া কলাই, পেঁয়াজ বীজতলা তলিয়ে গেছে।
কয়েকদিনে চরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে।