বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়।
বাংলাদেশের ইতিহাসে দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়কেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আশরাফ শিশির।
বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ৩৬ ঘণ্টা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি, শিরোনাম ‘৫৭০’। এ উদ্যোগে সঙ্গী হয়েছে সিনেবাজ ফিল্মস।
আশরাফ শিশির নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। ১৯৯৬ সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তকে ভিত্তি করে সাজানো হয়েছে ‘৫৭০’-এর গল্প।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে চলচ্চিত্র ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়।
শনিবার ঢাকার অদূরে হোতাপাড়ায় ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আগামী মার্চে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘৫৭০’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। বলা হচ্ছে, বাণিজ্যিক ঘরানায় কাজ করার পর এই প্রথম তিনি কোনো গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমন-সহ ৩০০ জন অভিনয়শিল্পী।