বিএনপি কীভাবে টিকে থাকবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপির ১০ কর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে। তারা কীভাবে টিকে থাকবে তা নিয়ে সংশয় আছে অনেকের।’
তিনি দাবি করেন, জাতীয় রাজনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় দল এখন জাতীয় পার্টি।
এ সময় জিএম কাদের অভিযোগ করে বলেন, বর্তমানে বাজার নিয়ন্ত্রণে নেই। কৃষক দর পায় না আবার ক্রেতাও কিনতে পারছে না। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা দরকার ছিল।
তিনি আরও বলেন, বর্তমানে একদিকে পদ্মা সেতু হচ্ছে, অন্যদিকে ধর্ষণ, দুর্নীতি ও অত্যাচার বেড়ে চলছে। বিএনপির বিরুদ্ধেও চাঁদাবাজি, গুন্ডামির অভিযোগ কম নেই।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এসব কারণেই মানুষের কাছে বিকল্প দল জাতীয় পার্টি। মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। ক্ষুধামুক্ত দেশ দেখতে চায় মানুষ। যেটি জাতীয় পার্টির পক্ষে সম্ভব।