৩ মাসের মধ্যে গণ টিকাদান শুরুর পরিকল্পনা ব্রিটেনে

ব্রিটেন সরকার তিন মাসের মধ্যে গণহারে টিকাদান কর্মসূচি শুরু করতে চায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সঙ্গে এ বিষয়ে দেশটির সরকার আলোচনা করেছে বলে জানিয়েছে দ্য টাইমস।

সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এখন যে পর্যায়ে অক্সফোর্ডের টিকা রয়েছে সেখান থেকে আরও ছয়মাস লাগার কথা। কিন্তু সরকার তিন মাস এগিয়ে আনতে চাইছে।’

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র টাইমসকে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ ছয় মাসের কথা ভাবছি। কিন্তু এই সময় আরও মাস তিনেক কমিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। ।’

করোনা ভ্যাকসিনের দৌড়ে ব্রিটেনের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। ওদিকে রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

ব্রিটেনের ভ্যাকসিন নিয়ে কিছুদিন আগে শঙ্কা দেখা দেয়। ট্রায়ালে অংশ নেয়া এক নারী অসুস্থ হয়ে পড়লে কার্যক্রম সাময়িক  স্থগিত করা হয়। পরে আবার সেটি শুরু হয়েছে।