মুন্সিগঞ্জে অজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭২ বছরের এক বৃদ্ধা। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব-শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষক কাদের শেখকে শনিবার রাত সাড়ে ৮টায় পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকা থেকে নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের সাড়ে ৩ঘন্টার ব্যবধানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কাদের শেখ একই এলাকায় মৃত আমির শেখের ছেলে। এ ঘটনায় সদর থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত অভিযুক্ত কাদের শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানান, ধর্ষণের শিকার বৃদ্ধা শুক্রবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হয়। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের তার মুখে কাপড় চেপে ধরে ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের মামলা না করার জন্য হত্যার হুমকি দেয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ওই বৃদ্ধাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।