গোল পেলেন নেইমার

২০২০-২১ মৌসুমে গোলের দেখা পেয়েছেন নেইমার। তার সঙ্গে এমবাপের দ্বৈত নৈপুণ্যে লিগ ওয়ানে বড় জয় পেয়েছে শিরোপাধারী পিএসজি। অঁজেকে ৬-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন নেইমার। করিয়েছেন একটি। এমবাপেও একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।

প্রথমে করোনাভাইরাস। এরপর অলিম্পিক মার্শেই ম্যাচে মারামারিতে যুক্ত হয়ে লাল কার্ড দেখা। বর্ণবাদের অভিযোগ। তার সঙ্গে স্পেনে কর ফাঁকির অভিযোগ। এ সবেই জড়িত ছিলেন নেইমার। আবার রেসের বিপক্ষে মাঠে ফিরতেই ছিল ইনজুরি শঙ্কা। সব কিছু পাশে ঠেলে নেইমার ফিরেছেন স্বমহিমায়।

শুক্রবার ম্যাচের ৭ মিনিটেই আলেসান্দ্রো ফ্লোরেন্সির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৬ মিনিটে এমবাপের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৪৭ মিনিটে আবারও গোল করেন তিনি। ৫১ মিনিটে ব্যবধান কমায় অঁজে। ৬ মিনিট পর আবার ব্যবধান বাড়ায় পিএসজি। গোলদাতা জুলিয়ান ড্রেক্সিয়ার। ৭১ মিনিটে নেইমারের বাড়ানো বলে পিএসজির পঞ্চম গোল করেন বদলি খেলোয়াড় ইদ্রিসা গেয়ি। আর ৮৪ মিনিটে গোলদাতার তালিকায় যুক্ত হন এমবাপে। ৬ ম্যাচে চার জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দু’নম্বরে উঠে এসেছে পিএসজি। এক ম্যাচ কম খেলা রেনে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।