আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার উপযোগী করে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ নেতাকর্মীর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টি আলাদা ব্র্যান্ডিং রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের বলেন, ‘দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে, তেমনি খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সমালোচিতও হচ্ছে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘রাষ্ট্রক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না।