‘করোনা ও বন্যা দুর্যোগের কারণে ইতিমধ্যে তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এই পরিস্থিতি চলতে থাকলে চলতি বছরের মধ্যে আরও ৫০ লক্ষাধিক মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে।’ গতকাল শনিবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার শেষ দিনে গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ না থাকায় ভোগ্যপণ্যের বাজারে চরম স্বেচ্ছাচারিতা চলছে। বাজার সিন্ডিকেটের দাপটে মানুষ দিশেহারা। মোটা চাল, কাঁচামরিচ, ডিম থেকে শুরু করে প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের দামে আগুন জ্বলছে।