মোহাম্মদপুরে ‘ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়ার একটি বাসার ছাদ থেকে পড়ে রোকেয়া (১৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পা্ওয়া গেছে।

রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৯টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্তা জহিরুল ইসলাম জানান, প্রায় দেড় বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

তিনি বলেন, ‘সকালে আমরা সবাই ঘুমে ছিলাম তখন সে কোনো কারণে তিন তলা বাসার ছাদে যায়। এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি রোকেয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, সে কী কারণে ছাদে গেছে বলতে পারি না। তবে তাদের বাসার ছাদের পাশে একটি নিম গাছ রয়েছে। নিম গাছের পাতা পাড়তে গিয়েছিল কিনা এ রকমটিও মনে হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।