ছেলের জন্মদিনে এতিমদের খাওয়ালেন সোনাগাজীর ইউএনও

ছেলের জন্মদিনে গতানুগতিক ধারায় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নিয়ে কেক কাটা কিংবা হই হুল্লোড় আয়োজন করেননি সোনাগাজীর ইউএনও। তার বদলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া আশরাফুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ছেলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

শনিবার ছিল সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সন্তান অভিরাজের তৃতীয় জন্মদিন।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মাদ্রাসার মুহতামিম মাও. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ তারিফুল ইসলাম সাজুসহ ইউএনওর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন মিলন জানান, ভিন্নভাবে জন্মদিন পালনের জন্য নিজ উদ্যোগে মাদ্রাসার ৭০জন শিক্ষার্থীর জন্য রান্না করা খাবার নিয়ে আসেন ইউএনও। বিকেলে অভিরাজকে কোলে নিয়ে এতিমদের পাশে বসে সেই খাবার বিতরণ করেছেন তিনি।

নিজে ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্মালম্বী হলেও মুসলমান এতিম শিশুদের নিয়ে তার আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

জামিল আহমেদ খান নামে একজন বলেন, অত্যন্ত ভালো একটি কাজ, স্যার দৃষ্টান্ত সৃষ্টি করলেন। এর আগে এমন বিষয় কখনও দেখতে, শুনতে পাইনি।

শরিয়ত উল্লা রিফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেন, শিশুরা হিন্দু কিংবা মুসলিম সেটা তার বিবেচনায় আসেনি।

আরেকজন লিখেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তিনি আবার প্রমাণ করলেন।

তারা সকলের অভিরাজের প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও আলোকিত মানুষ হবার দোয়া করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব বলেন, ছেলের জন্মদিনটা আমি ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে পালন করতে পারতাম। সেটি করতে গেলে আমার যা খরচ হতো, তা দিয়ে এই এতিমদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করাই আমার কাছে উপযুক্ত মনে হয়েছে। ধুমধাম করে জন্মদিন পালনের মাধ্যমে যতটুকু আনন্দ পেতাম তার কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি এতিম শিশুদের নিয়ে। আমার ছেলে যেন একজন আলোকিত মানুষ হয়, সেটিই আমার একমাত্র প্রত্যাশা।