কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম নতুন উপাচার্য হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন প্রফেসর ড. আব্দুস সালাম। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে যোগদানকালে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় তিনি অর্পিত দায়িত্ব পালনে সহকর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইবি রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ১৩তম ভিসি হিসেবে নিয়োগ পান।
কর্মস্থলে যোগদানকালে ভিসি প্রফেসর ড. আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-বিজ্ঞান গবেষণার কেন্দ্রবিন্দু। এখানে অর্জিত জ্ঞান-বিজ্ঞান সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলনসহ এর প্রায়োগিক সফলতার মধ্যেই একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাফল্য নিহিত।
এর আগে ক্যাম্পাসে প্রবেশের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে উপস্থিত সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমাদের সকলের উচিত প্রত্যেকের উপর অর্পিত নিজ নিজ দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকা। সেই সঙ্গে দুর্নীতির পক্ষে না থেকে এর বিরুদ্ধে সকলকে দৃঢ়তার সঙ্গে অবস্থান নেয়া। তিনি
বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে দুর্নীতিকে জিরো টলারেন্স হিসেবে দেখতে চান বলে দৃঢ় মত ব্যক্ত করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভার:)আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আরেফিন, প্রফেসর ড. ত ম লোকমান হাকিম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মচারী সমিতির সভাপতি সামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান প্রমুখ।