‘এরশাদের আমলের চেয়েও খারাপ নির্বাচন চালু করেছে বর্তমান ইসি’

বর্তমান নির্বাচন কমিশন সামরিক শাসক এইচএম এরশাদের আমলের চেয়েও খারাপ নির্বাচন চালু করেছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।

রবিবার রাজধানীর সায়েদাবাদ এলাকায় সালাহউদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় তিনি এমন দাবি করেন।

সোহেল বলেন, ‘এই সরকার যে গুন্ডামির নির্বাচন করছে, স্বৈরাচার এরশাদের সময় আমরা এ রকম গুন্ডামির নির্বাচন দেখেছি।’

তিনি বলেন, ‘এরশাদের সময় যেমন নির্বাচন করেছেন এরশাদ, ঠিক তেমনিভাবে একই কায়দায় এবং তার চাইতে বেশি খারাপভাবে নির্বাচন চালু করেছে এই নির্বাচন কমিশন।’

আজকে বাংলাদেশে নির্বাচনের নামে তামাশা চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা কত অভিযোগ দিয়েছি কিন্তু ওনারা (ইসি) চোখেও দেখে না, কানেও শোনে না।’

‘তারা লেভেল প্লেয়িং ফিল্ড এর অর্থ বোঝেন- যারা তাদেরকে চেয়ারে বসিয়েছেন সেই সরকারি দলকে গুন্ডামি করতে দেওয়া, মাস্তানি করতে দেওয়া ও ভোট ডাকাতি করতে দেওয়া। প্রশাসনও সেই একই রাস্তায় হাঁটছে’ যোগ করেন তিনি।

সোহেল আরও বলেন, ‘আমাদের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন- যত বাধা আসুক, যত বিপত্তি আসুক আমরা নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো।’

এ সময় ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, এ নির্বাচন বেগম খালেদা জিয়ার নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে এখান থেকেই আন্দোলনের ডাক দেবো।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, ডেমরা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সহ-সম্পাদক হাফেজ মাহবুবসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।