বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া পরিশোধ, মিল আধুনিকীকরণসহ ১৪ দফা দাবিতে খুলনায় পূর্বঘোষিত কফিন মিছিল পালন করতে পারেনি পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। রবিবার বিকেল ৪টার দিকে খালিশপুরে এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
পুলিশ তার আগেই সংগঠনটির স্থানীয় শীর্ষ নেতা রুহুল আমিনসহ তিনজনকে আটক ও স্থানীয় আওয়ামী লীগের মহড়ায় তা বন্ধ হয়ে যায়।
তবে খালিশপুর থানা আওয়ামী লীগের দাবি পাটকল আধুনিকীকরণ করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তারা।
সারা দিনই দলটির কর্মীরা মিল এলাকা বলে খ্যাত বিআইডিসি সড়কে মোটরসাইকেলসহ মহড়া দেয়।
বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল অনতিবিলম্বে চালুসহ বিভিন্ন দাবিতে ঐক্য পরিষদ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। সর্বশেষ ২ অক্টোবর সংগঠনটি শ্রমিক সমাবেশ করে। রবিবার বিকেল ৪টায় কফিন মিছিলের ডাকা দেয়।
ওই কর্মসূচি পালন করতে গিয়ে ক্রিসেন্ট মিলগেট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুজয় শুভকে আটক করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
আটক হওয়ার আগে দুপুর ১২টা ৬ মিনিটে রুহুল আমিন এই প্রতিবেদককে ফোনে বলেন, ‘আমরা যাতে মিছিল করতে না পারি তার জন্য পুলিশ শনিবার রাতে আমাদের দুই কর্মীকে ধরে নিয়ে আমার ঠিকানা জানতে জানা চেষ্টা করছে। আমাকে ধরে মামলা দেবে ও ভেঙে-চুরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।’
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাতে ৮টায় বলেন, ‘সংগঠনটির কর্মসূচি পালনের কোনো অনুমতি ছিল না। এ কারণে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। থানায় কেউ আটক নেই। তবে কর্মসূচি আহ্বানকারীরা কয়েকজন গোয়েন্দা পুলিশের দপ্তরে রয়েছেন।’