কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশের কৃষিকে প্রচলিত গতানুগতিক নয়, আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে সরকার।

তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে ধানের উৎপাদন কমিয়ে কৃষিকে বহুমুখীকরণ করে শাক সবজি, ফলমূলসহ অর্থকরী ফসল উৎপাদন করব আমরা। যেগুলো আমরা নিজেরাও খাব এবং বিদেশে রপ্তানি করব।

রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের চিনির কুঠি বাজারে ‘জ্যাকপট কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানার’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বড় হয়েছেন, প্রধানমন্ত্রী নিজে কাছ থেকে দেখেছেন এ দেশের গরিব কৃষকের দুঃখ দুর্দশা। এ কারণে তিনি কৃষি ও কৃষক বান্ধব একজন মানুষ। তিনি ৯০ টাকার সারের দাম এক লাফে কমিয়ে ২৫ টাকায় এনেছিলেন। এ বছর সেটি আরও কমিয়ে ১৬ টাকা করেছেন। পাশাপাশি ইউরিয়ার দাম হয়েছে ১২ থেকে ১৩ টাকা।

মন্ত্রী বলেন, ১৫ থেকে ২০ বছর আগে আশ্বিন-কার্তিক মাস আসলে মানুষের যে অভাব হতো, একটা গ্রামের কোন মানুষের ঘরে খাবার থাকত না, দুই চারজন বড় গৃহস্থ ছাড়া। সে অভাব দেশের অন্যান্য জেলার ন্যায় নীলফামারীসহ আশপাশ জেলাও ছিল। কিন্তু এখন কোন গ্রামে সে অভাব আর নেই। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, যারা চরে বাস করে তারাও বলেছেন অন্তত দুবেলা ভাত খেতে পারছেন এখন।

কারখানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইবনুল আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মুঈদ, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. ড. মেহেদী মাসুদ, হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ কবির হোসেন, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক মোহাম্মদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কারখানার চেয়ারম্যান আসাদুজ্জামান প্রামাণিক প্রমুখ।