মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুনির চৌধুরীকে গতকাল রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিভা মন্ডল।
গত শনিবার ছিল মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে পদটি শূন্য হয়। ২০ অক্টোবর এ জেলায় উপনির্বাচন হওয়ার কথা ছিল।
মাদারীপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, রবিবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।