লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা

মিজদায় আহত ৯ জনকে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

লিবিয়ায় পাচারের শিকার ৯ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের দেশটির মিজদা শহর থেকে ফিরিয়ে আনা হয়। গতকার রবিবার  দুপুরে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী।

তিনি জানান, যাদের ফিরিয়ে আনা হয়েছে তারা হলেন ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তারিকুল ইসলাম, বকুল হোসেন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ ও সাইদুল ইসলাম। যাদের আনা সম্ভব হয়নি অর্থাৎ যারা লিবিয়ায় রয়ে গেছেন তারা হলেন বাপ্পী দত্ত, সম্রাট খালাসী ও সাজিদ। মোট ১২ ভিকটিমের মধ্যে তিনজনকে আনা সম্ভব হয়নি। ডিআইজি আবদুল্লাহ হেল বাকী বলেন, চলতি বছরের গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের হাতে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হন ২৬ বাংলাদেশি। ওই সময় আহত হন ১২ জন। ওই ঘটনায় দেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়। যার মধ্যে সিআইডি ১৫টি মামলার তদন্ত করছে। এসব মামলার ৪৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকালে বেশ কিছু আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিআইডি জানায়, লিবিয়ায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারে অচিরেই রেড নোটিস জারি করা হবে। বর্বরোচিত হত্যাকান্ডের পর সিআইডি আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে। ফলে গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে বোরাক এয়ারওয়েজের বিশেষ ফ্লাই ভিজেড ২১৮ যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা।