সিরাজগঞ্জ পৌর সদরের কাজীপুর মোড় এলাকায় আল-হেরা জেনারেল হাসপাতালের চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ইসমাইল হোসেন (১০) নামে ওই শিশুর মৃত্যু হয়। সে শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের সোনাতলা গ্রামের বাবু সরকারের ছেলে। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির বাবা বাবু সরকারের অভিযোগ, তার ছেলে ইসমাইল হোসেন বেশ কিছুদিন হলো টনসিল সমস্যায় ভুগছিল। শনিবার সকালে আল-হেরা জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডা. ডি এম আকরাম হোসেন অপারেশনের পরামর্শ দেন। ওই রাতে তিনি টনসিল অপারেশন করেন। কিন্তু অপারেশন শেষ হওয়ার নির্দিষ্ট সময় পার হলেও তার ছেলের জ্ঞান ফেরেনি। এ অবস্থায় ওই চিকিৎসক শিশুটিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে রেফার্ড করেন। তাকে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই তার মৃত্যু হয়। এ বিষয়ে শিশুটির মা সিমলা খাতুন বলেন, চিকিৎসকের ভুলের কারণে আমার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।