করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বাহুবলীর তামান্না

এবার করোনা আক্রান্ত হলেন বাহুবলী সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মাস খানেক আগে একবার তামান্নার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। তামান্নার বাবা-মা দু’জনেই করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট করিয়েছিলেন তিনি।

সে সময় নায়িকা টুইট করে জানিয়েছিলেন, তার বাবা ও মায়ের রিপোর্ট পজিটিভ হলেও তিনি কভিড নেগেটিভ।

সম্প্রতি একটি ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যান তামান্না। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।এরপরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। বচ্চন পরিবার থেকে শুরু করে মালাইকা আরোরা, অর্জুন কাপুর; একের পর এক অনেকেই সংক্রমিত হয়েছেন। হচ্ছেন। তবে আশার কথা হলো সবাই সুস্থ হয়ে উঠেছেন।

দক্ষিণী ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ ভালই জায়গা করে নিয়েছেন তামান্না। তার বেশ কয়েকটি ছবির মুক্তি করোনার কারণে পিছিয়ে গেছে। এবার লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেই নিজে নতুন রোগটির কবলে পড়লেন।