মতিঝিলে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীর মতিঝিল আরামবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রিকশা আরোহী সামরুল হক (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী পাংশা উপজেলার ইসলাম খানের ছেলে সামরুল। পরিবার নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড একটি বাসায় থাকতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. খন্দকার ফরিদ আহমেদ জানান, ব্যবসায়ী কাজ শেষে গত রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন। মতিঝিল আরামবাগ নেমে সেখানে কোনো সিএনজি না পাওয়ায় রিকশায় করে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে আরামবাগ ইডেন মসজিদ সংলগ্ন গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে থেকে রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আর রিকশাচালক সামান্য আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করলে চিকিৎসাধীন রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং তার চালক আটক করা হয়েছে। আর রিকশাচালককে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।