হলিউডের বর্ষীয়ান অভিনেতা থমাস জেফারসন বায়ার্ডকে হত্যা করা হয়েছে। আটলান্টার পুলিশ জানায়, স্পাইক লি’র বিখ্যাত সিনেমার এই তারকাকে রবিবার সকালে গুলি করা হয়।
আরও জানায়, রবিবার বেলা পৌনে ২টার দিকে তারা একটি কল পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অভিনেতাকে পেছন থেকে একাধিকবার গুলি করা হয়েছে। ততক্ষণে তিনি মারা গেছেন।
শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ ঘটনা ঘটে। সেখানেই থমাস জেফারসন থাকতেন।
বর্তমানে বিষয়টি নিয়ে গোয়েন্দারা তদন্ত করছেন বলে জানায় পুলিশের মুখপাত্র।
রবিবার ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন পরিচালক স্পাইক লি। ক্লোকার্স চি-রাক, বাম্বজলেড, হি গট গেম ও ডা সুইট ব্লাড অব জেসাসসহ অন্যান্য সিনেমায় তার অভিনয়ের কথা স্মরণ করেন।
বায়ার্ডের আত্মার শান্তি কামনা করে, পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। কিছু সিনেমার পছন্দের অংশও শেয়ার করেন।
মঞ্চেও অভিনয় করেছেন বায়ার্ড। ২০০৩ সালে ব্রডওয়ে’র ‘মা রেইনিস ব্ল্যাক বটম’-এর জন্য টনি মনোনয়ন পান তিনি।
অস্কার-জয়ী অভিনেতা ভায়োলা ডাভিস টুইটারে লেখেন, “কী অসাধারণ অভিনেতা তুমি। এভাবে জীবনের সমাপ্তি খুবই দুঃখজনক। তোমার পরিবারের জন্য প্রার্থনা করছি।”
অভিনেতা ও অ্যাকটিভিস্ট এলিজাবেথ ওমিলামি লেখেন, বায়ার্ড অসাধারণ নৃত্যশিল্পী, অভিনেতা ও বন্ধ ছিলেন।
আরও জানান, বর্ণবাদী ও জটিল হলিউডে তিনি নিজের মতো করে লড়াই করে গেছেন। গড়ে নিয়েছেন ক্যারিয়ার।
বায়ার্ডের সর্বশেষ সিনেমা ‘ফ্রিডমস পাথ’-এ আরও অভিনয় করেন ওমিলামির স্বামী আফেমো ওমিলামি।
অভিনেতা লরি পেটি লেখেন, “কী দারুণ মানুষ, কী তার প্রতিভা … ভীষণ ক্ষতি হয়ে গেছে।”
১৯৫০ সালের ২৫ জুন আটলান্টায় জন্ম থমাস জেফারসন বায়ার্ডের।